ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র নিয়ে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া প্রবেশের সময় বাংলাদেশী নাগরিকসহ ২৭৯ জনকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। ফেরতদের ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া এসে কাজ করার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা। তবে, তাদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশী হলেও তাদের নির্দিষ্ট সংখ্যা জানায়নি অভিবাসন বিভাগ। পাশাপাশি ২৭৯ জনের মধ্যে পাকিস্তান, ভারত ও অন্যন্যা দেশের নাগরিকও রয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল ১-এ ভুয়া হোটেল বুকিং ব্যবহার এবং ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করার সময় সন্দেহভাজন হিসেবে মোট ২৭৯ জনকে মালয়েশিয়ায় প্রবেশ করতে না দিয়ে তাদেরকে আটক করা হয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPS) জানিয়েছে, আগত ব্যক্তিদের মাঝে অস্বাভাবিক আচরণ ও চলাফেরা দেখে তাদেরকে সন্দেহ করা হয়। পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আটক করা হয়।

একেপিএস আরো জানিয়েছে, তারা ইমিগ্রেশনের মূল গেইটে না এসে এদিক-ওদিক ছোটাছুটি করছিল। কেউ কেউ স্বীকারও করেছেন যে তাদের আসল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ায় চাকরি খোঁজা। আজকের ২৭৯ জন ট্যুরিস্টকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো ছিল এযাবতকালের সর্বোচ্চ সংখ্যা।