মালয়েশিয়ায় লেক্সাস ব্র্যান্ডের গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
রোববার (২৫ মে) সকাল ৭টার দিকে সেলাঙ্গর রাজ্যের পেতালিং জেলার বন্দর উতামা মহাসড়কে সুঙ্গাই পেঞ্চালা টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলটি আগুন ধরে পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার অ্যান্ড রেসকিউ (বোম্বা) টিমের সদস্যরা পৌঁছে যুবকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তার আনুমানিক বয়স ২৬ বছর বলে জানা গেছে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানিয়েছে, রোববার সকাল ৭টার দিকে একটি জরুরি ফোন আসে এবং তাৎক্ষণিকভাবে তার টিম দামানসারা ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দল পাঠানো হয়। সাতজন দমকলকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রথম উদ্ধারকারীরা সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান একটি লেক্সাস এসইউভি গাড়ির সাথে সংঘর্ষের পর ওই মোটরসাইকেলের প্রায় ৮০ ভাগ আগুন লেগে পুড়ে গেছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসীদের সড়ক দুর্ঘটনা, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুর খবর গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। প্রতি সপ্তাহে বাংলাদেশী প্রবাসীদের দুর্ঘটনার পাওয়া যাচ্ছে যা আগের যেকোনো সময়ের চেয়ে আশঙ্কাজনকভাবে বেশি। তবে জানা গেছে, দেশটির আইন না মানা, অসচেতনতা, সেফটি রুলস না মানা, ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, ওভারব্রিজ ব্যবহারসহ বিভিন্ন কারণে এসব দুর্ঘটনা বাড়ছে।