মালদ্বীপে ব্রাহ্মণবাড়িয়া জেলা সংগঠনের উদ্যোগে প্রবাসীদের জন্য এক ইফতার মিলনমেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাজধানী মালের একটি অভিজাত রেস্তোরাঁয় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক আলী আজম ভূঁইয়া আক্তারের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রাসেল আহমেদ সাগর।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলী আজম ভূঁইয়া আক্তার প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের একত্রিত করে তাদের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা।’

সংগঠনের উপদেষ্টা শাহজালাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মো. দুলাল হোসেন, বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান ও মো. জসীম উদ্দীন এবং কনস্যুলার সহকারী ময়নাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এরাশাদ মোল্লা, মুক্তার হোসেন, বাবুল মিয়া, আলাউদ্দিন সরকার, সাইফুল ইসলাম শিকদার, যুগ্ম আহ্বায়ক আলী ফরহাদ ভূঁইয়া, সজিব সরকার, রফিকুল ইসলাম, জামাল খান, সোহেল, সদস্য সচিব আনোয়ার হোসেন এবং এনামুল হক জাকির প্রমুখ।

ইফতারের আগে কোরআন তেলাওয়াত এবং রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উপস্থিত প্রবাসীরা এ ধরনের আয়োজনকে ভিনদেশের মাটিতে আনন্দের বলে উল্লেখ করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।