প্রতিষ্ঠার পর থেকে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের শেষ নেই সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও কর্মকর্তাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, ১১২টি পদের বিপরীতে নিয়োগ দেয়া হয়েছে ২৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে। অনিয়মতান্ত্রিকভাবে চিহ্নিত দলীয় কর্মী ও মোটা অংকের ঘুষের বিনিময়ে নিয়োগ হওয়া অবৈধ কর্মচারীদের নিয়োগ ইতোমধ্যে বাতিল হয়েছে।
সেসব ভুয়া কর্মচারীদের ভয়ঙ্কর ফাঁদে পড়েছে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সিমেবি)। আবারো ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্রে বিশ্ববিদ্যালয়টির অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। ফলে স্বপ্নের এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে শংকিত সিলেটবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে অস্থায়ীভাবে নিয়োগকৃতদের চাকরির মেয়াদ ইতোমধ্যে শেষ হলেও একটি চক্র কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের বৈধ ভিসিকে নানা মাধ্যমে হুমকি-ধামকিও দিচ্ছে। ফলে স্বৈরাচারের দোসরদের ফাঁদে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি চুরি, সম্পত্তি লুটপাট, গাড়ি ভাঙচুর, অর্থ লোপাট ও অবৈধ নিয়োগ বাণিজ্য, এহেন কোনো কাজ নেই, যা করেনি আওয়ামী লীগের আমলে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগকৃত কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা। এত অপরাধ করেও মূল হোতারা এখনো ধরা-ছোয়ার বাইরে রয়ে গেছে। আইনি ব্যবস্থা না নেয়ায় বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, অতীতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা হলেও ৫ আগস্ট ছাত্রজনতার বিপ্লবের পর বৈষম্যবিরোধী ভুয়া কর্মকর্তা-কর্মচারী সেজে ফাঁদ তৈরি করেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের ভাগনে আওয়ামী লীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সাবেক সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি চক্র। নেপথ্যে মদদ দিচ্ছে সৈয়দা জেবুন্নেছা হকের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সাবেক সহকারী পরিচালক (বাজেট) শমসের রাসেল।
সূত্র জানিয়েছে, দেশকে অস্থিতিশীল করার অংশ হিসেবে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও তৎপর রয়েছে পতিত স্বৈরাচারের লোকজন। ভুয়া কর্মকর্তা-কর্মচারী সেজে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সিন্ডিকেটে অনুমোদিত বৈধ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও বিষোদগার ছড়াচ্ছে তারা।
সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের দিন রাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের বলয়ের নেতা মাইদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ নথি চুরি, চেক বই, সম্পত্তি লুটপাট ও গাড়ি ভাঙচুর করা হয়। লুটপাট ও হামলায় অন্যদের মধ্যে জড়িত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাডার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারী আব্দুস সামাদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের হাফিজ গ্রুপের ক্যাডার ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা আশরাফুল ইসলাম হিমেল, শাবিপ্রবি ছাত্রলীগের আসাদ গ্রুপের ক্যাডার শফিকুল ইসলাম শফি, শাবিপ্রবি ছাত্রলীগের সুমন গ্রুপের ক্যাডার মো: আবু মূসা, শাবিপ্রবি ছাত্রলীগের মলয় গ্রুপের ক্যাডার রিংকু দাস, শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিনের ক্যাডার লোকমান আহমদ, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গৌতম দে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা মোহাজিরুল ইসলাম রাহাত, আওয়ামী লীগের বিধান গ্রুপের ক্যাডার নূরুল আমিন চৌধুরী ও নাদিম সীমান্ত, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ও নাসির গ্রুপের ক্যাডার এনাম আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী রফিকের ক্যাডার আশরাফ আহমদ, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তারেক আহমদ, ছাত্রলীগ ক্যাডার দুলাল আহমদ ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক ক্যাডার কাজী মাসুদ প্রমুখ।
এদিকে নগরীর চৌহাট্টাস্থ সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে লুটপাটের ঘটনায় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪ সালের ১৩ আগস্ট নগরের কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করে। জিডি নং-৩৬২ (তারিখ : ১৩/০৮/২৪)। পরবর্তীতে ১৭ আগস্ট একই থানায় আরেকটি জিডি করা হয়। জিডি নং- ৫৬৪ (তারিখ : ১৭/৮/২৪)। জিডিতে বিশ্ববিদ্যালয়ে লুটপাটের ঘটনা উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। জিডি দুটির তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রে জানা গেছে, অভিযুক্ত সবাই সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক দুর্নীতিবাজ ভিসি অধ্যাপক ডা: মোর্শেদ আহমদ চৌধুরীর আমলে সিন্ডিকেটের অনুমোদন ছাড়া বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে ৬ মাসের জন্য নিয়োগ পায়। পরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আরো ৬ মাস তাদের চাকরির মেয়াদ বাড়ানো হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এক বছর পর স্বয়ংক্রিয়ভাবে তাদের চাকরি বাতিল হয়ে যায়। যদিও তৎকালীন কর্তৃপক্ষ তাদের বেতন কয়েক বছর অব্যাহত রাখে। কিন্তু ভিসি মোর্শেদ আহমদ চৌধুরীর মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাদের বেতন ভাতাও বন্ধ হয়ে যায়।
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ২০১৮ -এর ১২ (১০) উপ-ধারায় বলা হয়েছে, ভিসির সিন্ডিকেটের পূর্বানুমোদনক্রমে কোনো শূন্যপদে সম্পূর্ণ অস্থায়ীভাবে অনধিক ৬ (ছয়) মাসের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ব্যতিত অন্যান্য শিক্ষক এবং প্রো-ভিসির ও কোষাধ্যক্ষ ব্যতিত অন্য কোনো কর্মচারী নিয়োগ করিতে পারিবেন এবং প্রয়োজনে অনুরূপ নিয়োগের মেয়াদ ৬ (ছয়) মাস পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবেন; তবে শর্ত থাকে যে- যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় নাই, এইরূপ কোনো পদে ওইরূপ কোনো নিয়োগ করা যাইবে না, আরো শর্ত থাকে যে- বর্ধিত মেয়াদের মধ্যে নিয়োগ নিয়মিত করা না হইলে ওই মেয়াদ শেষে নিয়োগ বাতিল করা হয়েছে বলিয়া গণ্য হইবে। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে চাকরি স্থায়ীকরণ না করায় তাদের চাকরি বাতিল হয়ে যায়। ফলে তারা আর বিশ্ববিদ্যালয়ের বৈধ কোনো জনবল নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ডা: মোর্শেদ আহমদ চৌধুরী ও তৎকালীন রেজিস্ট্রার নঈমুল হক চৌধুরীর সীমাহীন দুর্নীতির কারণে ২০২২ সালে নিয়োগ কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ২০২২ সালের নভেম্বরে অধ্যাপক মোর্শেদ আহমদ চৌধুরীর মেয়াদ শেষে চলে যান। পরবর্তীতে ২০২৩ সালের ১ জানুয়ারি নতুন ভিসি হিসেবে অধ্যাপক ডা. এনায়েত হোসনে মুকুলকে নিয়োগ দেয় সরকার। তিনি যোগদানের পর সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এক বছরের জন্য ২৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন। পরবর্তীতে তাদের মেয়াদ শেষ হয়ে গেলে ১০ম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দৈনিক মজুরী ভিত্তিতে কিছু জনবল নিয়োগ দেওয়া হয় এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরীর সকল কাজের বৈধতা দেয়া হয়, এতে বলা হয়, বিলাল আহমদ চৌধুরীর সকল কাজের অভিজ্ঞতা যোগ হবে। বর্তমানে এরাই বিশ্ববিদ্যালয়ের বৈধ জনবল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: মো: ইসমাইল পাটওয়ারী দৈনিক নয়া দিগন্তকে বলেন, আন্দোলনকারীদের দাবি অবৈধ। তারা নানা অপরাধ কার্যক্রমে জড়িত। এই কারণে পূববর্তী প্রশাসন তাদের বিরুদ্ধে জিডি করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, তাদের নিয়োগের পুরো বিষয়টি অবৈধ প্রক্রিয়ায় করা হয়েছে, এদের অ্যাডহক নিয়োগ কয়েকবার বৃদ্ধি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এটা বিধি অনুযায়ী করা হয়নি, বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে তাদের বিরুদ্ধে নোট দেয়া হয়েছে। এর দায়ভার আমি কেমনে নেবো, বলেন?
ভিসি বলেন, ৫ আগস্টের পূর্বে আন্দোলনকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ৫ আগস্টের পরে তারা বৈষম্যবিরোধী বনে গেছে। বৈষম্যবিরোধী দাবি করে আন্দোলনও করছে, তাদের সকল কার্যকলাপের তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মিডিয়াকর্মীসহ অনেকের কাছে সংরক্ষিত রয়েছে।
এদিকে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন অবৈধ নিয়োগপ্রাপ্ত বেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। নগরীর চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেন তারা। ভুয়া কর্মচারীদের আল্টিমেটামকে পাত্তা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে পতিত ফ্যাসিস্টের দোসর ভুয়া কর্মচারী নতুন ষড়যন্ত্রে মেতে উঠার শঙ্কা করছেন সচেতন সিলেটবাসী। এদের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।