প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ দাবিতে মানববন্ধন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা আইন উপদেষ্টার পদত্যাগের দাবি করেন।
পরে দুপুর ২টার দিকে একইস্থানে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধনে সহ-সমন্বয়ক তানভির মন্ডল ও গোলাম রাব্বানী, পঙ্কজ রায়, আব্দুল্লাহ আল নোমান, সজিব আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘৫ আগস্টের পর সংঘটিত বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে এখনো আওয়ামী দোসররা বিরাজমান। এরই ধারাবাহিকতায় পারভেজকে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পারভেজ হত্যার বিচার করতে হবে। অহরহ হত্যা আর ধর্ষণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত আইন উপদেষ্টা তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতে পারেননি। তিনি এসব ঘটনার যথাযথ বিচার করতে না পারলে তার পদত্যাগের দাবি জানাই।’
একই দাবিতে শাখা ছাত্রদলের মানববন্ধনে আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
মানববন্ধনে নেতারা বলেন, ‘পারভেজ জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। কিন্তু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী তাকে নির্মমভাবে হত্যা করেছে। কিছু মানুষ ছোট কোনো ঘটনা ঘটলেও আন্দোলনের ডাক দেয়। কিন্তু আজ তারা নিশ্চুপ। আমরা সরকারের কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’