ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিহতের প্রতি শোক ও শ্রদ্ধা জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, মনিরুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ উদ্দিন ও নুর উদ্দিনসহ অন্য নেতাকর্মীরা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোনো সন্ত্রাসী, হত্যাকারীর ঠাঁই হবে না। আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে রাজপথে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠে একজন ছাত্রের মৃত্যু বাংলাদেশের জন্য একটি অশনিসঙ্কেত।’
তিনি বলেন, ‘জুলাই আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন করেছে। অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরেও ছাত্রদলের নেতাকর্মীরাই খুনের শিকার হচ্ছে। কিন্তু এতো হত্যার পরেও বর্তমান সরকার দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। দ্রুততম সময়ে এই হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’