ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ‘ডি’ ইউনিটভুক্ত চারটি বিভাগের ৩২০ সিটের বিপরীতে আবেদন করেছে ২০২৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১৮২৮ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯০ শতাংশ।

এদিকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাংগীর আলম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন ও ডি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক।

এ বিষয়ে ডি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা উত্তরপত্র নিয়ে কাজ করছি এবং আজকের মধ্যেই ফলাফল প্রকাশ করার চেষ্টা করছি।’