ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাস ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের সনাক্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে ঢাবির বাস ও শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সনাক্ত করে হামলার পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম মাহমুদ বলেন, ‘সারা বাংলাদেশের আন্দোলনে ছাত্রদের বিভিন্ন আন্দোলন ও সংগ্রামকে পুঁজি করে একটি কুচক্রী মহল একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। উত্তরাতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল তারা ন্যায়ের পক্ষে ছিল। কিন্তু একটি কচক্রী মহল কৌশলে সে সকল শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা করতে লেলিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘কিছু ইনফ্লয়েঞ্চার ও কন্টেন্ট ক্রিকেটরদের কনটেন্টের ওপর ভিত্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সারা বাংলাদেশের মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। যার ফলস্বরূপ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাস ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা।’

ঢাবি শিক্ষার্থী হাসিব আল ইসলাম বলেন, ‘কিছু দুর্বৃত্ত ও কিশোরদের গ্যাংয়ের সন্ত্রাসীরা ছাত্রদের আন্দোলনের ভেতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা করে বাসের চালক ও শিক্ষার্থীদের আহত করেছে। একটি কুচক্রী মহল সারাদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে তা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আজ এ হামলা। এটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পর্কের ফাটল ধরানোর চক্রান্ত আজকের এ হামলা।’

তিনি আরো বলেন, ‘জুলাইয়ে গড়ে ওঠা ঐক্যকে যারা ভাঙতে চাচ্ছে তাদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। গণ-অভ্যুত্থানের ৮ মাস হয়ে গেলেও প্রশাসন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আজকে এ হামলার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। দ্রুত আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করে ক্ষণিকা বাসে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এতে বিলম্ব করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছে।’

উল্লেখ্য, দুপুরে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনকারী ‘ক্ষণিকা’ বাসে ভাঙচুর চালায় একদল শিক্ষার্থী। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।