বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই দিনব্যাপী ‘বৈশাখীয়ানা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ২০-২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবিতান-ইবি পরিসর’।

উৎসবে প্রাচীন বাংলার গ্রামীণ সংস্কৃতি নাগরদোলা, চরকি, পল্লীগীতি ও বাউল গানসহ নানা লোকজ সাংস্কৃতিকের আয়োজন করা হয়। এদিকে বিভিন্ন পণ্য নিয়ে ২২টি স্টলে অংশ নেন ক্যাম্পাসের তরুণ উদ্যোক্তারা।

এছাড়া স্টলগুলোতে টোকেনের মাধ্যমে হালখাতা পদ্ধতিতে বেচাকেনার ব্যবস্থা করা হয়।

স্বপ্নবিতান ইবি পরিসরের আহ্বায়ক আরিফা ইসলাম ভাবনা জানান, ‘শিক্ষার্থীরা বর্তমানে আধুনিক সমাজে বসবাস করে। তারা বটতলা কেন্দ্রিক গান, নাগরদোলা ও চরকিতে চড়া এমন মেলা দেখতে অভ্যস্ত না। তাই এ বিষয়গুলো তুলে ধরার জন্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।’

এদিকে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বৈশাখীয়ানা উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. জাহাংগীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।