প্রাইভেট মেডিক্যাল কলেজে শূন্য আসনে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশের দাবিতে শিক্ষার্থী এবং অভিভাবকরা মানববন্ধন করেছেন।

রোববার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রাইভেট মেডিক্যাল কলেজগুলোতে ২৫ মে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে প্রায় ৬ শ’র বেশি আসন শূন্য রয়েছে। শূন্য আসনে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা বরাবরের মতো দ্বিতীয়বার ভর্তির সার্কুলারের দাবি করছেন।

বিগত বছরগুলোতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় সার্কুলার দিয়ে আসন পূরণ করা হয়েছে। ২০২৪ সালে তিনবার সার্কুলার দেয়া হয় শূন্য আসনে ভর্তি হতে। কিন্তু এ বছর বিনা নোটিশে প্রায় ৬০০টি আসন ফাঁকা থাকা স্বত্ত্বেও সার্কুলার দেয়া হচ্ছে না। কার স্বার্থে এবার দ্বিতীয়বার সার্কুলার দেয়া হচ্ছে না শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কাছে এ প্রশ্ন উত্থাপন করেন।

দ্বিতীয়বার ভর্তির সার্কুলারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা গত দুই দিন থেকে রাস্তায় রাস্তায় ঘুরে দাবি জানালেও কেউ তাদের সাথে যোগাযোগ করেননি, কোনো সহানুভূতি জানাতে আসেননি। শিক্ষার্থী ও অভিভাবকরা এতে ক্ষোভ প্রকাশ করেন।

অভিভাবকরা বলছেন, নিজেদের কাজ বন্ধ রেখে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে ঘুরলেও তারা কোনো জবাব দেননি। তারা আমাদের ছেলে-মেয়েদের স্বপ্ন ভেঙে দিচ্ছেন।

শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর আশ্বাস দিয়েছিলেন আসন ফাঁকা থাকা সাপেক্ষে দ্বিতীয় সার্কুলার দেয়া হবে। ক্লাস শুরু হয়ে গেলেও এখনো ফাঁকা আসন পূরণে দ্বিতীয় সার্কুলার দেয়া হচ্ছে না।