ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণ ও ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্ররাজনীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে দলটির নেতাকর্মীরা।

এর আগে ডায়না চত্বর থেকে শুভেচ্ছা র‌্যালি করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তরে এসে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

এ সময় আলোচনা সভায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ।

এছাড়া শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের সঞ্চালনায় অতিথি ছিলেন জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খানসহ শাখা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ বলেন, ‘ছাত্রদলই গত ১৫ বছর রাজপথে ছিল। অন্য কোনো সংগঠন কিন্তু রাজপথে ছিল না। একমাত্র ছাত্রদল শেখ হাসিনার সমস্ত বাধাকে উপেক্ষা করে সমস্ত আন্দোলন সংগ্রাম যারা চালিয়ে গিয়েছে। গত জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের সবচাইতে একক সংগঠন হিসেবে ছাত্রদল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা সেই তালিকাও প্রকাশ করেছি। আমরা সামনের দিনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামেও সামনের সারিতে থাকব।

সভা শেষে প্রায় পাঁচশত শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের ফরম বিতরণ করা হয়। এছাড়া আগামী এক সপ্তাহ ফরম বিতরণ চলবে বলে জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।