দেশের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক কুইজ ফেস্ট আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি। বুধবার (১৬ এপ্রিল) ও বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ আয়োজনে ১১টি দেশের কুইজাররা অনলাইনের মাধ্যমে অংশ নেবেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুইজ সোসাইটির নেতারা।

সংগঠনটির সভাপতি ওয়াসি আহাম্মেদ বলেন, ‘ঢাবি কুইজ সোসাইটিই দেশের মধ্যে সর্বপ্রথম এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক কুইজ উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করছি, এটি বাংলাদেশের কুইজ সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবে। এ কুইজ ফেস্টে ইন্টার স্কুল কলেজ ইউনিভার্সিটি ১০০টি টিম, মেগা কুইজে ৩০টা টিম আর ইন্ট্রা ইউনিভার্সিটিতে ৭০টা টিম অংশগ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি।’

সংগঠনের সাধারণ সম্পাদক ইমন মোহতাসিন জানান, ‘আয়োজনটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: নিয়াজ আহমেদ খান অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। আয়োজকদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম ও অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আয়োজনে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন।’

আন্তর্জাতিক অংশগ্রহণ সম্পর্কে সংগঠনের যোগাযোগ সম্পাদিকা মুসাররাত তাইয়্যেবা মুসকান বলেন, ‘ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, ফিলিপাইনসহ মোট ১১টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বিদেশী কুইজাররা ভার্চুয়ালি প্রতিযোগিতায় যুক্ত হবেন।’

এ কুইজ ফেস্টে মাস্টার হিসেবে থাকবেন ভারত থেকে আসা রাজিবুল আউয়াল ও পরমাণু বিজ্ঞানী শাফকাত আমিন ইনান, পরমাণু বিজ্ঞানী ফেরদৌস বাপ্পী প্রমুখ।

এছাড়াও স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের আয়োজনে কুইজ মাস্টার হিসেবে থাকবেন ওয়াসী আহমেদ, ইমন মোহতাসিন, সাদমান মুজতবা রাফিদ, অর্নব রায় পার্থ, মুসআব আব্দুল্লাহ খন্দকার, ফাইজা বিনতে হক, মেহের নিগার, সাকিব মাহমুদসহ আরো অনেকে।

অনুষ্ঠানের প্রথম দিন উদ্বোধনের পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতা এবং একক রাউন্ড অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হবে অন্তঃ ও আন্তঃবিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত রাউন্ড। সেইসাথে পুরস্কার বিতরণীর মাধ্যমে এই আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান মুস্তফা রাফিদ, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক জয়নব আরা পাপড়ি এবং উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাইনুর জান্নাত রাবিনা।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি শুরু থেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতার প্রসারে নিরলসভাবে কাজ করে আসছে। টিএসসি ভিত্তিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম এই সংগঠনটি নিয়মিতভাবে শিক্ষার্থীদের জন্য নানা শিক্ষামূলক আয়োজন করে থাকে।