জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচ দিনের চীন সফরে থাকায় ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।

রোববার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী, ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ‘Bangladesh Higher Education Delegation's Visit' কর্মসূচির আওতায় পিপলস রিপাবলিক অব চায়নাতে অবস্থান করবেন।

অফিস আদেশে আরো বলা হয়েছে, ‎ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্ব পালন করবেন।‎

‎উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে গঠিত ২০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি পাঁচ দিনের সফরে গতকাল রোববার সকালে চীনের কুনমিং শহরের উদ্দেশ্যে যাত্রা করেন।