‘যুক্তির আলোয় খুলুক চিন্তার দুয়ার’ এই স্লোগানকে সামনে রেখে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব-২০২৬’। জুনিয়র ও সিনিয়র- এ দুই গ্রুপে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি, বুদ্ধিমত্তা, বিশ্লেষণী দক্ষতা ও বাকশৈলীর প্রাণবন্ত উপস্থাপনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর এইচ এম আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এতে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ফাইনাল পর্ব।
জুনিয়র গ্রুপের ফাইনালে বিতর্কের মোশন ছিল, ‘পারিবারিক শিক্ষাই ইসলামী মূল্যবোধের মূল ভিত্তি’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বিতর্কে বিরোধী দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে সিনিয়র গ্রুপের ফাইনালে বিতর্কের মোশন ছিল, ‘পশ্চিমা সংস্কৃতি নৈতিক শিক্ষার জন্য ক্ষতিকর’। এ পর্বেও বিরোধী দল বিজয়ী হয়। বিষয়টির পক্ষে-বিপক্ষে বিতার্কিকদের যুক্তিনির্ভর বক্তব্য ও পাল্টা যুক্তিতে পুরো মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাজালিসুল ইলমের পরিচালক আবু নাঈম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা দুই ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপালবৃন্দ যথাক্রমে এরশাদুল্লাহ আজহারি, মোহাম্মদ আরিফুল ইসলাম ও তানযীমুল উম্মাহ ডিবেটিং ক্লাবের মডারেটর দেলোয়ার হোসেনসহ মাদরাসার শিক্ষক, কর্মকর্তা এবং দায়িত্বশীলরা।
বিতর্কের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন এশিয়ান ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জুয়েল ও উত্তরা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম। স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তানযীমুল উম্মাহ এল্যামনাই এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি জেনারেল তৌফিক আহমেদ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলের বিতার্কিকদের হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষার পাশাপাশি মুক্তচিন্তা, যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও শালীন বাকশৈলী চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
তানযীমুল উম্মাহ ডিবেটিং ক্লাবের জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে । ২০২৫ সালে এটিএন বাংলা জাতীয় ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটির বিতার্কিকরা। এর আগে ২০২৩ সালে BRAC-NDF জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন হয় তারা। এ ছাড়া ২০১৬ ও ২০১৮ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দুবার বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করে তানযীমুল উম্মাহ ডিবেটিং ক্লাব।
শুধু বিতর্ক নয়, বিজ্ঞান-প্রযুক্তি, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নজির রয়েছে প্রতিষ্ঠানটির। একাডেমিক ক্ষেত্রেও রয়েছে জাতীয় পর্যায়ে একাধিক অর্জন।
চলতি ২০২৬ সালে মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে নানা প্রতিকূলতার মধ্যেও তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা শতভাগ পাসের পাশাপাশি ৫৮% এ-প্লাস পেয়ে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রাখে।
মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে ১৩২৭ নম্বর পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার শিক্ষার্থী কাজী মোহাম্মদ আব্দুল্লাহ।