কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাত সাড়ে ৯টায় শাহবাগ ব্লকেডের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে মিছিলের প্রাক্কালে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি কুয়েট ভিসি শিক্ষার্থীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন পর্যায়ক্রমে। আমাদের অনশনরত কয়েকজন শিক্ষার্থী ভাই ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের আর কোনো ভাইকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে দেখতে চাই না, চাই না, চাই না। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এখনো সময় আছে স্বসম্মানে পদত্যাগ করেন না হলে পদত্যাগ কিভাবে করাতে হয় তা ছাত্রসমাজ জানে। আমরা হাসিনার পতন ঘটিয়েছি, আপনার পতন ঘটাতে আমাদের বেশি সময় লাগবে না।
তিনি আরো বলেন, আমরা জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচির পক্ষে নই। আমরা গত কয়েক দিন বিক্ষোভ মিছিল করেছি কাল বিকেলে ৫ মিনিটের জন্য আমরা শাহবাগ ব্লকেড করেছি আমরা রাতের বেলা শাহবাগ ব্লকেড দিয়েছি যাতে জনদুর্ভোগ না হয় কিন্তু তাতে ইন্টেরিম গভর্নমেন্ট কোনো কর্ণপাত করেনি তারা আমাদেরকে বাধ্য করছে কঠোর কর্মসূচি দেয়ার জন্য অথচ আমরা কঠোর কর্মসূচির পক্ষপাতি নই। ইন্টেরিম চাইলে এক ফাইল -এর মাধ্যমেই এই দালাল ভিসির অপসারণ সম্ভব কিন্তু ইন্টেরিম সেটা করল না। জনদুর্ভোগ এড়াতে আমরা এখন অফিস ছুটির সময় ব্লকেট দিচ্ছি না। আমরা আজ রাত সাড়ে ৯টায় আবারো শাহবাগ ব্লকেড করব।