মিয়ানমারে সাম্প্রতিক বিধ্বংসী ভূমিকম্পের পর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ সহায়তা কার্যক্রম দ্বিতীয় সপ্তাহেও চলমান রয়েছে। দুর্গতদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সরকারের উদ্যোগে পাঠানো এ বিশেষ দল উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে।

গতকাল শনিবার মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী বাংলাদেশ উদ্ধারকারী দলকে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উদ্ধার অভিযান পরিচালনা করতে অনুরোধ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল ও আজ রোববার মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধসে পড়া ভবনে বাংলাদেশ উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ অন্য প্রয়োজনীয়সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া বাংলাদেশ চিকিৎসা সহায়তা দল আজ নেপিডো শহরের ৫০ শয্যাবিশিষ্ট যবুথিরি টাউনশিপ হাসপাতাল, ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ১০০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেয়। আজ মোট ৫০ জন রোগীকে এ চিকিৎসা সহায়তা দেয়া হয়। একইসাথে তাদের মধ্যে তিনটি জটিল অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন করে ডাক্তাররা।

আজ পর্যন্ত ভূমিকম্পে আহত রোগীদের মধ্যে ১৫টি জটিল অস্ত্রোপচারসহ মোট ৪৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বাধীন উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম আগামীকালও চলবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এ বছরের ২৮ মার্চ মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পের প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ১ এপ্রিল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল মিয়ানমারের নেপিডো শহরে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।