বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার শুরু হতে যাচ্ছে ৯ এপ্রিল।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, বিনিয়োগের জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, ৭ এপ্রিল থেকে ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলন শুরু হবে। তবে সেই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। সেদিনই স্টারলিংকের ব্যবহারও শুরু হবে।

আশিক মাহমুদ বলেন, বিদেশীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশী বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধানতম উদ্দেশ্য।

এর আগে ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে ইন্টারনেট পরিষেবা স্টারলিংক চালু করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি একটি চিঠিতে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের জন্যও আমন্ত্রণ জানান।