বাংলাদেশের যুবসমাজ শুধু দেশের ভবিষ্যৎ নয়, তারা দেশের গণতান্ত্রিক পরিবর্তনের বর্তমান শক্তি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন।

এক বছর আগে শুরু হওয়া বিশাল গণআন্দোলনকে ন্যায় বিচার, ন্যায্যতা ও পদ্ধতিগত সংস্কারের আন্দোলনে রূপ দিতে যুবসমাজের নেতৃত্ব মুখ্য ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার নিউইয়র্কে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজিত ‘জুলাই বিয়ন্ড বর্ডার’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আজ এখানে প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, তৌহিদ হোসেন বলেন, ‘সাধারণত বলা হয়, যুবসমাজ আমাদের ভবিষ্যৎ। কিন্তু বাংলাদেশে তারা আমাদের বর্তমান হয়ে উঠেছে।’

তিনি বলেন, যুবসমাজের নেতৃত্বে শুরু হওয়া গণআন্দোলন দেশে রাজনৈতিক পরিবর্তনের মূল ভিত্তি তৈরি করেছে।

তিনি বলেন, ‘তরুণদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনটি একটি গণঅভ্যুত্থানে পরিণত হয়েছিল এবং সমাজের প্রতিটি স্তরের মানুষ এতে শামিল হয়েছিল।’

তৌহিদ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের পথে পরিচালিত করছে।’

জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল যৌথভাবে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসঙ্ঘ কর্মকর্তা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতিসঙ্ঘ যুব অফিসের প্রতিনিধি ড. সুধা বালাকৃষ্ণণও অনুষ্ঠানে বক্তব্য দেন।

ড. বালাকৃষ্ণণ তার বক্তব্যে বলেন, সমাজ পরিবর্তনে যুবসমাজের গঠনমূলক অংশগ্রহণকে জাতিসঙ্ঘ সর্বদাই উৎসাহিত করে থাকে।

তিনি বলেন, ‘বাংলাদেশের যুবসমাজ যেভাবে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে, তা অন্য দেশগুলোর জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে।’

পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বর্তমানে ফিলিস্তিন সঙ্কট নিয়ে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বিষয়ক জাতিসঙ্ঘের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন।