রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানে পুলিশ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে জানা গেছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান নিহতের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অন্তর্দ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে নিহত সুমনের বিষয়ে আর কোনো তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

স্থানীয়রা জানায়, সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে নেয়া হয়। সেখান চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন সুমনকে।

জানা গেছে, নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন ইউনিয়নের সালাইপুরে। তার বাবার নাম মাহফুজুর রহমান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর মহাখালী এলাকায় ভাড়া বাসায় থাকেন। রাজধানীর মহাখালী এলাকায় একসময় ইন্টারনেট সংযোগের বড় ব্যবসায়ী ছিলেন সুমন।