নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, চকলেট কিনে দেয়ার কথা বলে শিশুটিকে ধর্ষণ করা হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিন রাতে ভুক্তভোগীর মা-বাবাকে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা বিষয়টি রফাদফার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে সেদিন রাত ১১টার দিকে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে স্থানীয়রা।
ইব্রাহিম সুনামগঞ্জের বিঞ্চামপুর এলাকার আব্দুল মিয়ার ছেলে এবং বর্তমানে তারাব এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির পরিবার রূপসী বাঘবাড়ি এলাকায় তানসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকেন। ইব্রাহিম একই এলাকায় কাচাঁমালের ব্যবসা করেন। শিশুটিকে চকলেট কিনে দেয়ার কথা বলে দোকানের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। পরে প্রতিবেশী এক ব্যক্তির স্ত্রী ইব্রাহিমের দোকানে শুঁটকি কিনতে গিয়ে ধর্ষণের বিষয়টি দেখেন। পরে শিশুটি মা-বাবাকে বিষয়টি জানায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী তানসেন ও তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের বড় ভাই রুবেল হোসেন ও পলিনসহ কয়েকজন মিলে ধর্ষণের ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা শিশুর পরিবারকে দেবেন বলে আশ্বাস দেন। রাত ৯টার দিকে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে অভিযুক্তের বাড়ি ঘিরে ফেলে। উত্তেজনা বাড়তে দেখে স্থানীয় প্রভাবশালী রুবেল ও তানসেন মিলে ইব্রাহিমকে বাড়ি থেকে বের করে পালাতে সহযোগিতা করেন। রাত ১১টার দিকে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়ের বয়স সাত বছর। আমি দিনমজুরের কাজ করি। বিকেল ৫টার দিকে কাজ থেকে বাড়ি এসে শুনি মেয়েকে ইব্রাহিম ধর্ষণ করেছে। আমাদের বাড়িওয়ালা তানসেন ও রুবেলসহ কয়েকজন মিলে আমাকে হুমকি দিয়ে পাঁচ হাজার টাকা নিয়ে দেবে বলে বিষয়টি ধামাচাপা দিতে বলেন। আমি এই সালিশ মানি না। ঘটনার বিচার চাই। ইব্রাহিম হুমকি দিয়ে বলেছে, ধর্ষণের কথা কাউকে বললে মেয়েকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিবে। আমাদের এলাকা ছাড়া করবে।’
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত বলেন, ‘আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছি। ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’