নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে ও তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে অধিক পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ ও কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর ভেতরে প্রবেশ করে। পরে নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়।

আরো জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় বেলা ১১টার দিকে আদালতে কর্মরত পুলিশ সদস্যরা মালখানার পেছনের জানালার গ্রিল কাটা দেখতে পায়। পরে তারা বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

এদিকে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম) একরামুল হক ও অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, সিআইডি, ডিবিসহ জেলা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ‘কী কী চুরি হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য জব্দ তালিকার সাথে মালখানায় থাকা অবশিষ্ট মালামাল যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত চুরি হওয়া মালামালের সঠিক হিসাব বলা যাচ্ছে না। চারজন আটকের তথ্য নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় আপাতত প্রকাশ করতে চাচ্ছি না।’

এর আগে গত রোজায় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রাইভেটকারে রাজশাহীর বাসায় নিয়ে যাওয়ার সময় উদ্ধারকৃত ৩৭ লাখ টাকাসহ ১০ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা চুরি হয় বলে জানিয়েছে পুলিশ।