কুমিল্লার বুড়িচংয়ে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ আরো চারজন।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মোস্তফা সরোয়ার নরসিংদী জেলার কামাড়গাঁও গ্রামের মোস্তফা কামালের ছেলে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তায় উল্টে যায়। এ সময় অটোরিকশায় থাকা এক শিশুসহ পাঁচ যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা সরোয়ারকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে। এতে রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার এ বিষয়ে জানান, পুলিশ যাওয়ার আগেই নিহতের লাশ পরিবারের সদস্যরা নিয়ে যায়। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।