স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি না মানলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআই টিকা প্রদানসহ সকল কার্যক্রম শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে দাবি আদায়ে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। বেলা ১১টা পর্যন্ত চলে অবস্থান কার্যক্রম। এ সময় বক্তব্য রাখেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি শাহ মো: শামিম হোসেন, সাধারণ সম্পাদক আনিস রহমান প্রমুখ।
এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘বিগত সময়ে আমাদের শুধু আশার বাণী শোনানো হয়েছে। আমরা টিকা প্রদান করি। কিন্তু আমাদের টেকনিক্যাল পদমর্যাদা নেই। নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবি মানতে হবে। না মানলে ১ সেপ্টেম্বর থেকে টিকা দান কার্যক্রম বন্ধসহ সারাদেশে স্বাস্থ্য সহকারীরা শাটটাউন কর্মসূচি পালন করবে।’