বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পলিচালক মোবারক হুসাইন বলেছেন, ‘যারা জুলাই-আগস্টের চেতনা ধারণ করতে চায় না তাদের মধ্যে ফ্যাসিস্টের পদধ্বনি শোনা যায়।’

তিনি বলেন, সরকার এখনো জুলাই যোদ্ধাদের জন্য তেমন কিছু করেনি, যা পীড়াদায়ক। জামায়াত আহত-নিহতদের দায়িত্ব নিয়েছে।’

আজ মঙ্গলবার বেলা ১১টায় যশোরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা কথা বলেন।

মোবারক হুসাইন বলেন, জামায়াত একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এটি কেবল বক্তব্য-মিছিল দিয়ে হবে না। কাজের মাধ্যমে করতে হবে।

গণসমাবেশে জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজীজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, জেলার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর-৫ (মণিরামপুর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী আব্দুল কাদের, যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মোক্তার আলী, শহর আমির অধ্যাপক শামছুজ্জামান, সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।

এদিকে, গণসমাবেশ শেষে বিশাল মিছিল বের হয়। জামায়াত নেতাদের দাবি, মিছিলে আনুমানিক ২০ হাজার মানুষ অংশ নেয়।

এদিন জেলা প্রশাসন জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে সকালে শ্রদ্ধা নিবেদন করে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।