চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে তাড়া খেয়ে সেতু থেকে সাঙ্গু নদীতে পড়ে নিখোঁজের প্রায় ১৩ ঘন্টা পরে মো: নোমান ওরফে গুরা মিয়া (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) বেলা ২ টার দিকে নদীতে লাশ ভেসে ওঠার খবর পেয়ে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার পুলিশের পরিদর্শক মো: নুরুজ্জামান।

নিহত শ্রমিক মো: নোমান ওরফে গুরা মিয়া কক্সবাজারের রামু এলাকার আবু সৈয়দের ছেলে। সে দোহাজারীর একটি কলোনীতে বসবাস করে অন্য শ্রমিকদের সাথে ইট ভাঙ্গার কাজ করতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়ার বিওসির মোড় এলাকায় বুধবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে দু’গ্রুপের সংঘর্ষ চলার সময় সে দৌড়ে সেতু পার হওয়ার সময় সাঙ্গু নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল।

নদীতে পড়ে ওই শ্রমিক নিখোঁজ হওয়া নিয়ে চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক মো: নুরুজ্জামান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’