জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, ‘কঠিন ঐক্য ছাড়া বর্তমান পরিস্থিতিতে অন্য কোনো বিকল্প নেই।’ উপমহাদেশ নিয়ে ভয়াবহ যুদ্ধের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ এপ্রিল) রাতে ফরিদপুরের সদরপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘জাতি ও দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনে আরেকটি বিপ্লবের ডাক দেবেন। এজন্য জাকের পার্টির লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত রয়েছে।’

গত ৩৫ বছর ধরে জাকের পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হেনস্তা করার চেষ্টা চলছে। তবে জাকের পার্টির কর্মীদের গায়ে হাত দিলে দেশের মানুষ জ্বলে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সম্মেলনে পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল সামি বলেন, ‘বসে থাকার সময় নেই, লড়াই করতে হবে। ষড়যন্ত্র মোকাবেলা করেই জাকের পার্টি আজকের অবস্থানে এসেছে।’ ঐক্যবদ্ধ থাকলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, জাকের পার্টি কখনো কোনো জোটে ছিল না এবং ভবিষ্যতেও স্বতন্ত্রভাবে কাজ করবে।

উল্লেখ্য, এদিন সন্ধ্যায় সদরপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে এ সম্মেলন শুরু হয়। দেশ-বিদেশ থেকে আগত জাকেরানেরা সম্মেলনে অংশ নেন। ফরজ নামাজের পাশাপাশি তারা জিকির-আজকার ও নফল ইবাদতে অংশ নেন। রাত ১০টার দিকে প্রজেক্টরের মাধ্যমে ভার্চুয়ালি ভাষণ দেন পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।