চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে গোসল করতে নেমে আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ জুন) দুপুর ১২টায় উপজেলার বড়দারোগাহাটের রূপসী ঝরনায় এই ঘটনা ঘটে।
আসিফ উদ্দিন চট্টগ্রাম শহরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মো: গোলাপের ছেলে। সে চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, রোববার সকালে পাঁচ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে আসে। বেলা সাড়ে ১১টায় তারা ঝরনায় প্রবেশ করে। বন্ধুদের সাথে ঝরনায় হৈ হুল্লোড় মাতামাতির একপর্যায়ে সে গোসল করতে একটি কূপে নামে। ওই সময় সে নিখোঁজ হয়। পরে তার অন্য বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে।
আসিফের বন্ধু মেহেদী হাসান বলেন, ‘বন্ধুরা সবাই ঝরনায় গোসল করছিলাম। কিন্তু হঠাৎ আসিফকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেকক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে।’
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিমের লিডার শাহলঙ্গ মারমা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় যে ঝরনায় একজন পর্যটক নিখোঁজ হয়েছে। আমরা দ্রুত উদ্ধার টিম নিয়ে সেখানে পৌঁছাই। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় আমাদের ডুবুরি টিম তার লাশ উদ্ধার করে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থে যাই। স্থানীয়দের সহায়তায় মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় শিক্ষার্থী আসিফ উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’