ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে রোকসানা আক্তার (২৫) নামে এক নারীকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী বাবুল পলাতক রয়েছেন।

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মোস্তফা কামাল ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ভোরে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রোকসানা আক্তারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা স্বামী-স্ত্রী দু’জনেই আশুলিয়ার টংগাবাড়ি এলাকার কালাম মাদবরের ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, সকালে ওই বাড়ির একটি কক্ষে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে যায়। পরে কক্ষের ভেতর পোশাকশ্রমিক রোকসানার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ওই নারীকে কাপড় দিয়ে পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয় তার স্বামী এবং সে পালিয়ে যান। আশপাশের মানুষ আগুন নিভিয়ে থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যার এ ঘটনা ঘটতে পারে। এছাড়া আলামত নষ্ট করার জন্য আগুনে পুড়িয়ে দেয়ার চেষ্টা ছিল।

গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান ওসি।