গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টায় এক সিএনজিচালক নিহত এবং গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।

আজ শুক্রবার ভোর রাত ১টার দিকে এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা চার ডাকাতকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

নিহত সিএনজিচালক হলেন আবুল কালাম (৪০), তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মরহুম গিয়াস উদ্দিনের ছেলে। আর নিহত ডাকাতের নাম আরিফ হোসেন (৩০), তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আটক ডাকাতরা হলেন- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (কাইচ্চামোড়) গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিল (২৫), শাহিনের ছেলে রিপন মিয়া (১৯), শাজাহানের ছেলে তাহসিন মিয়া (১৮) এবং গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের রমজান আলীর ছেলে আবুল কালাম (২৭)।

সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি তিন সহযোগীর সাথে এমসি বাজার থেকে কাঠের ভুসী নিয়ে বরমী যাচ্ছিলেন। রাত ১টার দিকে সাতখামাইর এলাকায় সড়কে গাছ পড়ে থাকতে দেখে তারা সিএনজি থামায়। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল লুটে নেয়। ডাকাতরা অন্য গাড়িও থামিয়ে যাত্রীদের লুটপাট করে। এ সময় ডাকাতদের বাধা দেয়ার চেষ্টা করার সময় ডাকাতদের আঘাতে আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা ঘটনাস্থলে এসে আরিফ হোসেনকে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ডাকাত আরিফ হোসেনসহ চারজনকে আটক করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা জানান, পুলিশ একজনকে মৃত অবস্থায় এবং আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আবুল কালামকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, আহত ডাকাত আরিফ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।