এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে চতুর্থ দিনের মতো দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে ‘কলম বিরতি’ চলছে।
এতে আমদানি রফতানিতে তেমন কোনো প্রভাব পড়েনি এবং বন্দরের পণ্য উঠানামা ও খালাশ প্রক্রিয়া স্বাভাবিক সময়ের মতোই চলছে বলে একজন বন্দর কর্মকর্তা জানিয়েছেন।
আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতির সময় কাস্টমস হাউজে কোনো কাজ হচ্ছে না বলে নিশ্চিত করেছেন একজন রাজস্ব কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই রাজস্ব কর্মকর্তা বলেন, ‘অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।’
সরেজমিনে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা আছে তবে বেশিভাগ টেবিলই খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোনো কাজ করছেন না। বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।
ওই রাজস্ব কর্মকর্তারা আরো জানিয়েছেন, কলম বিরতির কারণে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রফতানি হচ্ছে। বেলা ৩টা পর্যন্ত কলম বিরতি চলবে। তারপর কাস্টমস হাউজে কাজ শুরু হবে।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা সহমত প্রকাশ করে গত বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছে কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আজ (রোববার) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজে কলম বিরতি পালিত হচ্ছে।
বেনাপোল সিঅ্যন্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমস এর কলম বিরতির কারণে শুল্কায়ন, পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি-রফতানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময়মতো ব্যবসায়ীরা পাচ্ছেন। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্থ হচ্ছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউসের কলম বিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।
শনিবার (১৭ মে) ভারত থেকে বেনাপোল বন্দরে ৩১৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ সময় ভারতে রফতানি হয়েছে ২২৮ ট্রাক পণ্য।
এর আগে, শুক্রবার (১৬ মে) সাপ্তাহিক ছুটি ছিল। বৃহস্পতিবার (১৫ মে) ভারত থেকে এসেছে ২১৩ ট্রাক পণ্য আর ভারতে রফতানি হয়েছে ১৬৬ ট্রাক পণ্য। বুধবার (১৪ মে) ভারত থেকে বেনাপোল বন্দর ৩০৬ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ সময় ভারতে রফতানি হয়েছে ১৭৪ ট্রাক পণ্য।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর খসড়া কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দু‘টিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ নয় এমন কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে, অন্যদিকে এনবিআরে কর্মরত দু’টি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দু’টি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।