সিলেটের গোলাপগঞ্জ উপজেলা সদরে প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী অপু খান বদইকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অপু খান বদই উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিকরবাড়ি গ্রামের মরহুম পাখি খানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সাবেক পৌর কাউন্সিলর রুহিন আহমদ খানের ভাতিজা।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া বদইর বিরুদ্ধে জিআর মামলা নম্বর-১০৮/২০২৬ ছাড়াও সন্ত্রাসবিরোধী আইন এবং বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।