শহীদের রক্তের ঋণ শোধ করতে প্রয়োজনে আবার লড়াই করব মন্তব্য করে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘আমরা রাজপথে লড়াই করা মানুষ। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে আমাদের বুক কাঁপবে না।’

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যার দিকে ফরিদপুরের চরভদ্রাসন পাইলট স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। হাসিনার রক্তচক্ষুকে ভয় পাইনি, আর কাউকে ভয় করার সুযোগ নেই। নির্বাচন নিয়ে কারো কোনো টালবাহানা মেনে নেয়া হবে না।’

এ সময় তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে আমরা ইনসাফ কায়েম করব। সৎ মানুষের শাসন কায়েম করব।'

জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ ও কৃষকদলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলমগীর কবির।

চরভদ্রাসন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী মৃধার সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিমুজ্জামান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

বক্তারা নতুন বাংলাদেশ গড়তে সকলকে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদের জায়গা হবে না। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।’