‘আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করি। এরপর তিন বছর কোর্স করি। তারপর ছয় মাস ইন্টার্নশিপ। তাহলে কেন আমরা এইচএসসির সার্টিফিকেট পাবো? আমরা কেন আমাদের ন্যায্য অধিকার পাবো না? আমাদের ডিপ্লোমাকে ডিগ্রির সমান করতে হবে। আমাদের এ ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।’

রোববার (৪ মে) রংপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভে অংশ নিয়ে এরকম প্রশ্ন ও দাবি জানাচ্ছিলেন রংপুর সিটি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী আনজুমান আরা আইভিসহ তার মতো অনেকেই।

তাদের সবার কণ্ঠেই ক্ষোভ। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি-বেসরকারি নার্সিং কলেজের সহস্রাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়। এ সময় তারা ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘এইচএসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’সহ নানা শ্লোগান দেন।

বিক্ষোভে অংশ নিয়ে স্নেহা নার্সিং কলেজের শিক্ষার্থী নুর বানু আখতার নিশি বলেন, ‘আমরা এক মাস ধরে মাঠে আন্দোলন করছি। কিন্তু প্রধান উপদেষ্টা কেন আমাদের এ দাবি মানার ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না এটা আমাদের প্রশ্ন?’

শিক্ষার্থী নাসিম ইসলাম বলেন, ‘ড. ইউনূস বলেছেন, নার্সদের বিদেশে সম্মান করা হবে। নার্সদের যদি দেশেই সম্মান দেয়া না হয় তাহলে বিদেশে কি দেয়া হবে। নার্সদের অনুপ্রেরণা দিতে অবশ্যই যৌক্তিক দাবি মানতে হবে।’

এদিকে দাবি না মানা হলে মার্চ টু ঢাকা করবো বলে জানান মেডিহেল্প নার্সিং ইন্সটিউটের শিক্ষার্থী আনিছা খাতুন।

উপমা নার্সিং কলেজের শিক্ষার্থী মশিউর রহমান বলেন, ‘আমরা ২১ এপ্রিল থেকে কর্মসূচি পালন করছি। কিন্তু ফলাফল পাইনি। আজকের পর যদি কোনো উদ্যোগ না দেখি তাহলে আমরা এমন কর্মসূচিতে আগাবো যা স্বাস্থ্য সেবায় বিপদ ডেকে আনবে। আমরা সেবা কার্যক্রম বন্ধ করে দিব।’

এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে পাওয়া তথ্য মতে, লাইভস্টক/ফরেস্ট্রি/ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং নেভাল/ডিপ্লোমা ইন মেডিক্যাল টেকনোলজি/সার্টিফিকেট ইন মেরিন/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজমসহ চার বছর মেয়াদি বিভিন্ন স্পেশালাইজড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।

তবে শুধু নার্সিং পেশা এর ব্যতিক্রম। যা উচ্চ মাধ্যমিক পাসের পর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অধ্যয়ন করতে হয়। ফলে স্নাতক ডিগ্রির আগে যে ডিপ্লোমা ডিগ্রি অর্জিত হয় তা এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের নার্সিং পড়ার প্রবল ইচ্ছা থাকায় কর্তৃপক্ষের ভুল কার্যক্রমের কারণে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হতে বাধ্য হচ্ছে।

সূত্র অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পাসের পর এক গ্রুপ বিএসসি স্নাতক নার্সিং ডিগ্রি পাচ্ছে এবং অপর গ্রুপ উচ্চ মাধ্যমিক/সমমান পাসের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং নামে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক একই মানের ডিগ্রি পাচ্ছে। পরে চার বছর সময় নষ্ট করে বিএসসি নার্সিং ডিগ্রি নিতে হয়।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) সদস্য সচিব মইনুল হাসান জানান, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক কোর্স শেষে আবারো এইচএসসি/সমমানের অ্যাকাডেমিক সনদ প্রদান করা হচ্ছে। মৌলিক অধিকার ও জাতীয় শিক্ষানীতি লঙ্ঘন করে বৈষম্যমূলকভাবে একই মানের সনদ দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, এর ফলে নতুন করে দুই বছর হাসপাতালের অভিজ্ঞতাসহ দুই বছর মেয়াদি বিএসসি নার্সিং পড়তে হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান চার বছর সময় নষ্ট হচ্ছে। নার্সিংকে ডিগ্রি সমমানের দিলে এ অবস্থার অবসান হবে।