কুমিল্লার বুড়িচংয়ে অতিরিক্ত মালামালবোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে চালক নিহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় উপজেলা সদরের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মোঃ আল আমিন (২৭)। তিনি পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে বলে জানা গেছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনবোঝাই ব্যাটারিচালিত একটি অটোরিকশা বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় খাদে পড়ে যায়। এতে চালক আলামিন অটোরিকশাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন চালককে উদ্ধার করে বুড়িচং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে যায় চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটিকে জব্দ করে।