চট্টগ্রামের মিরসরাইয়ে ঘরের লোকজনকে বেঁধে রেখে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার ( ২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর গ্রামের আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাত দল স্বর্ণের প্রায় ৭ ভরি গহনা, ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।
কুয়েত প্রাবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম জানান, সোমবার রাত ৩টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ঢুকে তিনজন সদস্যকে ছুরি দেখিয়ে প্রথমে তার হাত পা বেঁধে ফেলে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকত দল। পরে তারা ঘরে হানা দেয়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশী অস্ত্র ছিল। তারা ঘরে থাকা পুরুষদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা তার বোন ও ভাবির প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় তারা।
তিনি আরো জানান, ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।