পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসজুড়ে দু’হাজার শিক্ষার্থীর মাঝে অর্থসহ কোরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা।

শনিবার (২৯ মার্চ) দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এ বিতরণ কর্মসূচি করা হয়।

সমাপনী অনুষ্ঠানে নোয়াখালী শহর শাখার সভাপতি হাবিবুর রহমান আরমান বলেন, ‘রমজান হলো কোরআন নাজিলের মাস। এ পবিত্র মাসে আমাদের কোরআন শেখা ও বুঝার প্রধান দিক হওয়া উচিত। একইসাথে কোরআনের আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়া দরকার। আমাদের এ উদ্যোগের মাধ্যমে মানুষ কোরআন অধ্যায়নে উৎসাহিত হবে এবং ইসলামের সুমহান বার্তা তাদের জীবনে বাস্তবায়নের প্রেরণা পাবে।’

এ কর্মসূচির আওতায় দু’হাজার সাধারণ ছাত্রের মাঝে অর্থসহ কোরআন বিতরণ করা হয়। একইসাথে কোরআন পড়ার গুরুত্ব ও তা থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানানো হয়।

ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার এ উদ্যোগ সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে এবং মানুষ কোরআনের পথ-নির্দেশনা অনুসরণ করে নিজেদের জীবন গঠন করবে বলে প্রত্যাশা রাখেন শাখার নেতারা।