ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বগুড়ায় দায়ের করা ৭৬৬টি রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাচ্ছেন অর্ধ লাখ বিএনপি-জামায়াতের নেতাকর্মী। এর মধ্যে প্রথম ধাপে ২৪১টি মামলা প্রত্যাহারের গেজেট প্রকাশ করেছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত জেলার ১২ উপজেলায় দায়ের করা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও রাজনৈতিক বিবেচনায় করা মামলাগুলোর মধ্যে ৭৬৬টি মামলা প্রত্যাহারের জন্য জেলা কমিটি থেকে সুপারিশ করা হয়। পরে সে তালিকা ঢাকায় পাঠানো হয়। এর মধ্য থেকে প্রথম ধাপে ২৪১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি দেয়া হয়েছে।
সূত্রটি আরো জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জেলা ম্যাজিস্ট্রেট ও প্রশাসকের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী মামলা প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়।
বগুড়ার পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ জানান, ‘ইতোমধ্যে ২৪১টি মামলার চিঠি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। এরপর মামলার ধার্য তারিখে রাষ্ট্র পক্ষ আদালতে এসব মামলা পরিচালনা না করার আবেদন করবে। তখন আদালত যদি তা মঞ্জুর করে তাহলে মামলা নিষ্পত্তি হবে।’
তিনি আরো জানান, ‘প্রথম ধাপের ২৪১টি মামলার প্রায় ১২ হাজার আসামি খালাস পাচ্ছেন। দ্বিতীয় ধাপে আরো ২৯২টি মামলা প্রত্যাহারের জন্য জাতীয় কমিটিতে সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত চিঠি হাতে পেলে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে। তবে হত্যা, অস্ত্র, উগ্রবাদ বা সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাগুলো প্রত্যাহারে কিছুটা সময় লাগছে। এছাড়া হয়রানিমূলক সব ধরনের মামলা প্রত্যাহার হবে।’