চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে এসে মামার হাতে ধর্ষণের পর খুন হয়েছে ২০ বছর বয়সী কলেজছাত্রী আরজু আক্তার। একই ঘটনায় গলায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার নানী ফরিদা আক্তার (৬০) ও নানা আব্দুল হাকিম (৭৫)।

বুধবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ২টায় চন্দনাইশ পৌরসভাস্থ ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আরজু আকতার চন্দনাইশ উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

অভিযুক্ত মামা নাজিম উদ্দীন (২৮) সাতকানিয়া খাগরিয়া মুন্সি বাড়ি এলাকার মরহুর সৈয়দ আহমদের ছেলে এবং ভুক্তভোগীর মায়ের খালাত ভাই।

সূত্রে জানা গেছে, গত তিন থেকে চার দিন আগে আরজু আকতার তার নানার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন রাত আনুমানিক ২টায় ভুক্তভোগী বাথরুমে গেলে ধর্ষণের উদ্দেশ্য নাজিম উদ্দীন তার পিছনে পিছনে যান। পরে ধর্ষণ করে তাকে হত্যা করে বাথরুমে ফেলে দেয়। এ সময় তার (নাজমা) খোঁজে সেখানে নানা-নানি ছুটে এলে তাদের উভয়কে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করে ঘাতক নাজিম উদ্দীন পালিয়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, রাত আনুমানিক ৩টায় এক সিএনজিচালক থানায় এসে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে সেখান থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা হয়। তবে আসামি পলাতক রয়েছেন বলে জানান তিনি।