চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ শনিবার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, দেলোয়ার হোসেন ও আলী হোসেন নামে দুই প্রবাসীর ১০ বছরের সঞ্চয়ের টাকায় সম্প্রতি একটি বাড়ি নির্মাণ করেন। বাড়িতে বসবাস শুরুর আগেই সেখানে একটি গর্ত থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। স্থানীয়রা সাপগুলো মেরে ফেলে। তবে সাপের মা এখনো উদ্ধার হয়নি।

প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, একটি গোখরা সাপ সাধারণত ২০ থেকে ২৫টি বাচ্চা প্রসব করে। এত সংখ্যক বাচ্চা উদ্ধারের ঘটনা থেকে অনুমান করা হচ্ছে, ওই বাড়িতে একাধিক গোখরা সাপের বাসা রয়েছে। প্রতিদিনই ওই বাড়ির আশপাশে এক-দুটি করে সাপের বাচ্চা দেখা যাচ্ছে।

প্রবাসীদের ভাই আলাউদ্দিন জানান, প্রথমে তারা ভেবেছিলেন বিষমুক্ত সাপ। পরে বুঝতে পারেন এগুলো বিষধর গোখরা সাপ। তিনি পরিবারের ছোট বাচ্চাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্থানীয় যুবক আতিকুর রহমান বলেন, আমাদের এলাকার একটি প্রবাসী ঘরে ৬৯টি গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। কিন্তু এখনো পাওয়া যায়নি সাপের মাকে। এ নিয়ে পরিবার ও এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রিমন ভূঁইয়া নামের আরেক স্থানীয় যুবক বলেন, সাপগুলো দেখার পরে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায়। পরে গিয়ে দেখলাম একটি গর্ত থেকে ৬৯টি সাপ গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে সাপের বাচ্চাগুলো এখানে জন্ম নিয়েছে। কিন্তু এগুলো বিষধর সাপ ছোবল দিলেই যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।