ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লাগার পরে চালকের দক্ষতায় যাত্রীরা প্রাণে রক্ষা পান এবং নেমে যেতে সক্ষম হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে মহাসড়কের মধ্যেই চলন্ত অবস্থায় মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। এ সময় চালক দ্রুত রাস্তার পাশে গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে মুহূর্তেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
চালক মো: সজিব মিয়া জানান, ক্যান্টনমেন্টের সৈয়দপুর এলাকার একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে পাঁচজন যাত্রীসহ চান্দিনার উদ্দেশে যাচ্ছিলাম। নিমসার বাজার এলাকায় এলে ইঞ্জিনের গিয়ার বক্সের মধ্যে আগুন দেখতে পাই। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে রাস্তার পাশে গাড়িটি থামিয়ে যাত্রীদের দ্রুত নামতে বলি।
এদিকে যাত্রীরা নেমে যাওয়ার সাথে সাথে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই চোখের সামনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনে নিজের শরীরের কিছু অংশ দগ্ধ হয় বলেও জানান চালক।
পরে খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সজীব আরো জানান, গাড়িটির মালিক মাধাইয়া এলাকার আব্দুল আলিম। আজকেই প্রথম গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়েছিলাম। ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে খবর পেয়ে পাশের দেবপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শক সাইদুল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘আগুনে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গাড়িটির কোনো কিছুই অবশিষ্ট নেই। গাড়ির মালিক ঘটনাস্থলে এলে তাকে গাড়িটি বুঝিয়ে দেয়া হয়।’