চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে লাল প্লে কিং বম নামে এক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন জানান, ‘কারাগারের কর্ণফুলী ১৫ নম্বর ওয়ার্ডে বন্দী ছিলেন লাল প্লে বম। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘুম থেকে ওঠে চিৎকার শুরু করেন তিনি। তার হাত-পায়ে খিঁচুনি এসে যায়। দ্রুততম সময়ে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চিকিৎসকরা জানিয়েছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ এপ্রিল লাল প্লে বম গ্রেফতার হন। একই বছরের ২৬ জুন বান্দরবান থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয় তাকে। তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতি, অপহরণসহ চারটি মামলা রয়েছে। বর্তমানে চট্টগ্রাম কারাগারে ১০০ কেএনএফ সদস্য বন্দী রয়েছেন।