শেখ হাসিনার দোসররা লুটপাটের টাকা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘পতিত শেখ হাসিনার দোসরদের হাতে লুটপাটের হাজার হাজার কোটি টাকা রয়েছে, সেই অর্থ দিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুততম জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণকে নির্বাচনমুখী করতে হবে।’

মঙ্গলবার (২৫ মার্চ) সিরাজগঞ্জের পৌর কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, ‘জুলাই-২৪ ছাত্র আন্দোলনকে গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এখন কেউ বলছে বিপ্লব, কেউ বলছে দ্বিতীয় স্বাধীনতা কেউ বলছে গণঅভ্যুত্থান। এর আগে দেশে গণআন্দোলন, গণ-অভ্যুত্থান অনেক হয়েছে, কিন্তু ছাত্ররা দেশের মালিক বনে যায়নি, তাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে, দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত রাজনৈতিক দলের নেতাদের হাতেই ছেড়ে দিতে হবে ‘

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহা সংস্কারক, তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, গার্মেন্টস শিল্প গড়ে তুলেছিলেন, মিশ্র অর্থনীতি, শিক্ষা, টেলিভিশনে নতুনকুড়ি অনুষ্ঠানসহ সকল ক্ষেত্রেই যুগোপযোগী সংস্কার করে জাগরণ সৃষ্টি করে ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেই আলোকেই আগামী দিনে সকল সংস্কার করা হবে।’

সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা: এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: আতিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা: শাহ মো: শাহজাহান আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান বাচ্চু ও ড্যাব কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ডা: এরফান আহমেদ সোহেল। বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা: নুরুল আমীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আতিকুর নাহার ও শহিদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: আনোয়ার হোসেন।