ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০টি মিল্ক ভ্যান পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে।

জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০টি মিল্ক ভ্যান বাংলাদেশে প্রবেশ করবে।

রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারচেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লেল্যান্ড লিমিটেড।

১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউএস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজিষ্টিক।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানি করা ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকল আমদানি করেছিল।