গাজায় ইসরাইলি হামলা, ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্র বন্ধ ও ইসরাইলি পণ্য নিষিদ্ধ, ফিলিস্তিনি আহতদের চিকিৎসা প্রদান এবং নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল ও নারী সংস্কার কমিশন পূনর্গঠনের দাবি জানিয়েছে বান্দরবান আইম্মা উলামা ঐক্য পরিষদ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
এ সময় বান্দরবান বান্দরবান আইম্মা উলামা ঐক্য পরিষদের সভাপতি ও বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, বাজার জামে মসজিদের খতিব ও বান্দরবান আইম্মা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক আল মইন, সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবুল কালাম, মাওলানা হাফেজ মজিবুল হক প্রমুখ।
এছাড়া সংবাদ সম্মেলনে বান্দরবানের বিভিন্ন মসজিদের ইমামরা ও আইম্মা উলামা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গাজায় ইসরাইলের মানবতাবিরোধী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ইসরাইলি হামলার সাথে ভারতের নতুন করে মুসলিম নিধনের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেখানে ওয়াক্ফ আইনের নামে মুসলিমদের সম্পত্তি গ্রাস করার ষড়যন্ত্র করা হচ্ছে। এ ধরনের অবৈধ আইন কোনোভাবে মেনে নেয়া যায় না। সরকারকে যথাযথ প্রতিবাদ করার আহ্বান জানান নেতারা।
বক্তারা আরো বলেন, দেশে নারী সংস্কার কমিশনের ইসলাম পরিপন্থী আইন চাপিয়ে দেয়া হচ্ছে। নারী সংস্কার কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনা বাতিল এবং নারী সংস্কার কমিশন পূনর্গঠনের দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
বক্তারা বলেন, ফিলিস্তিনি আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, ইসরাইলী সকল পণ্য বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ এবং আমদানি বন্ধ করা, ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য ওআইসিকে চাপ দিতে চারটি দাবি তুলে ধরেন।