বেতনের চেক হাতে নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বিদ্যালয় থেকে বেরিয়েছিলেন। আর মাত্র তিন মাস পরই চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—অবসরের আগেই সড়ক দুর্ঘটনায় চিরবিদায় নিতে হলো ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদকে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের পাশের সড়কে, বাংলাদেশ বেতারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ আহমদ নগরীর মিরের ময়দান এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি নগরীর মাছিমপুর এলাকায়।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন তিনি। পরে বেতনের চেক নিয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বিদ্যালয়ের পাশেই বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে দুর্ঘটনাকবলিত ওই সিএনজি অটোরিকশাতেই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
মুরাদ আহমদের দুই কন্যা রয়েছে। তাদের মধ্যে একজন ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এবং অপরজন লিডিং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষাঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, মাত্র তিন মাস পর তার অবসরে যাওয়ার কথা ছিল। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো জানান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিতে লাশ বিদ্যালয়ে আনা হবে।