ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে রাম দা হাতে সড়কে ডাকাতির চেষ্টায় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ।
বুধবার (৭ মে) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল।
এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চালকের দক্ষতায় রামদা হাতে ডাকাত দলের হাত থেকে রক্ষা পায় ব্যক্তিগত গাড়ির আরোহীরা। ঘটনার সময় গাড়ির একটি ড্যাসবোর্ড ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওটি মঙ্গলবার (৬ এপ্রিল) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে ওত পেতে থাকা ডাকাতরা একটি গাড়ি সামনে এলেই বড় রামদা নিয়ে আক্রমণ করে। এ সময় গাড়ির চালকের বুদ্ধিমত্তায় গাড়িটি পেছনের দিকে দ্রুত সরিয়ে আনে। গাড়িটি ধাওয়া করে ধরতে না পেরে হাফপ্যান্ট পরিহিত ডাকাত দলের ছয় সদস্য এ সময় একটি রাম দা গাড়ির ওপর ছুঁড়ে মারে।
মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বুধবার (৭ মে) বিকেল ৩টার দিকে বলেন, ‘ওই ঘটনায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।