ধুনট (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার ধুনটে রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেয়া ১১ জন ছাত্রীর সবাই ফেল করেছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে এমন বিপর্যয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৩ সালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দারা মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। এরপর থেকে ১৭ জন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ফল বিপর্যয়ের ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, শিক্ষকেরা পাঠদানে যথাযথ মনোযোগ না দেয়ায় এমন ফল হয়েছে।
অভিভাবক মাহবুবুর রহমান বলেন, মাদরাসার শিক্ষকেরা পাঠদানে মনোযোগী না হওয়ার কারণে সকল ছাত্রী ফেল করেছে।
আরেক অভিভাবক মজনু মিয়া অভিযোগ করেন, মাদরাসার শিক্ষকরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। ক্লাসে উপযুক্ত শিক্ষা না দেয়ায় দাখিল পরীক্ষায় অংশ নেয়া সব পরীক্ষার্থী ফেল করেছে বলে দাবি করেন তিনি।
মাদরাসার সহকারী সুপার এস এম শিহাব উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ভালো ফলাফল হয়ে আসছে। এবারই ফলাফলে বিপর্যয় ঘটেছে। কী কারণে এমন ফল হয়েছে, তা নির্ণয় করে আগামী দিনে ভালো ফলাফল নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাখাওয়ত হোসেন বলেন, ফল বিপর্যয় হওয়া রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত দেয়ার পর তা কার্যকর করা হবে।