রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেনকে (৬০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৯ মে) বেলা পৌনে ১২টার দিকে শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমজাদ হোসেন রাজবাড়ী শহরের ২ নম্বর বেড়াডাঙ্গা এলাকার মরহুম আবুল হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগ আমলে আমজাদ হোসেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের খাল খননের কাজে ব্যাপক দুর্নীতি করেছেন এবং তথ্য সংগ্রহে সাংবাদিকদের বাধা দিতেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মফিজুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি ছোড়ার অভিযোগে গত ২ অক্টোবর শাহিন ফকির নামে এক ব্যক্তি রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখসহ ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় তদন্তে পাওয়া আসামি হিসেবে আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।