চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এককর্মীর ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীসহ এলাকার জনসাধারণ।
শুক্রবার (১৬ মে) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় বক্তব্য দেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম, পদুয়া ইউনিয়ন আমির আ ক ম হামিদুল হক, বিশিষ্ট সমাজসেবক কাজি মুহাম্মদ জসিম উদ্দিন ও পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক জিয়াসহ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা মাহমুদুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা ছাত্রকলাণ সম্পাদক মাওলানা তৈয়ব হোসাইন ও সমাজসেবক জাহেদুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম বলেন, ‘যেখানে ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়েছে, সেখানে আপনারা কিছুই না। আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। সময় থাকতে নিজেদের স্বভাবচরিত্র ঠিক করুন, অন্যথায় এর পরিণতি হবে ভয়াবহ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা এখনো তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, আপনারা নজরদারি বাড়ান। অনতিবিলম্বে আমাদের ভাইয়ের উপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।’
উল্লেখ্য, গত ৯ মে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মুন্সীর দিঘীর কোণ ইয়াছিনের পাড়া সেতুর পাশে মো: আলমগীর (৪০) নামে এক জামায়াত কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা।
আলমগীর জানান, গত কিছুদিন আগে এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে যাতে বিরত থাকে সেজন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কথা বলি। গত ৯ তারিখ অতর্কিতভাবে আমার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। যারা যারা হামলা করেছে তারা বিগত স্বৈরাচারী সরকারের দোসর। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।