টিটেনাস শনাক্ত হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসাথে সরিয়ে নেয়া হচ্ছে রোগীদের।

সোমবার ( ২৩ জুন) হাসপাতালটির আইসিইউতে দুপুরে এই টিটেনাস শনাক্ত হয়।

হাসপাতালের আইসিএর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহেল বারী সোমবার রাত ৮টায় নয়া দিগন্তকে জানান, সোমবার দুপুরে আইসিইউতে থাকা একজন রোগীর ডায়ালাইসিস এবং সার্জারির পরীক্ষা-নিরীক্ষায় আমরা নিশ্চিত হই তার শরীরে টিটেনাস রোগ রয়েছে। যেহেতু টিটেনাস সংক্রমণ রোগ, সে কারণে আমরা ৩ থেকে ৪ দিন আইসিইউ ওয়ার্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো জানান, এরই মধ্যে টিটেনাস আক্রান্ত রোগীকে আইসিইউ থেকে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে। মোট ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ৩ জন রোগী ভেন্টিলেটরে আছেন, তাদেরকে বিকল্প ব্যবস্থপনায় নেয়া হবে রাতের মধ্যেই। এরপর কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার পর আবারো আইসিইউ চালু হবে।

আব্দুল মোনায়েম নামের এক রোগীর স্বজন জানান, আমার বাবা আইসিউতে চিকিৎসাধীন। তিনি জটিল রোগে আক্রান্ত। একটু ভালোর দিকে ছিল। রাতে আইসিইউর চিকিৎসক আমাদের জানান, টিটেনাস শনাক্ত হয়েছে ওয়ার্ডে। সে কারণে আপনাদেরকে অন্য ওয়ার্ডে যেতে হবে। তারপর আমি আমার বাবাকে অন্য ওয়ার্ডে নিয়ে যাই।

সোহাগ আলী নামের এক স্বজন জানান, আমার স্ত্রী আইসিইউতে ছিল। চিকিৎসক তাকে তিন তলার ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। আমি সেখানে নিয়ে যাচ্ছি। শুনেছি আইসিইউতে টিটেনাস ধরা পড়েছে।

এ ব্যাপারে হাসাপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ বিভাগ পরিস্কার-পরিচ্ছন্নতা করতে হবে। সে কারণে কিছু রোগীকে দুপুরের পর থেকে সরিয়ে নেয়া হয়েছে। বাকিদের সরানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবার (২৪ জুন) থেকে পরিস্কার করা শুরু হবে।